আগুনে ক্ষতিগ্রস্ত ড্রাগ ইন্টারন্যাশনাল উৎপাদনে ফিরছে শনিবার থেকে

কারখানার প্রধান ফটকের সামনে সাংবাদিকদের ব্রিফ করছেন ব্যবস্থাপক আবু সাঈদ। ছবি: আগামীর সময়
আগুনে ক্ষতিগ্রস্ত গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ইউনিট-২ এর উৎপাদন কার্যক্রম আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইউনিট-২ এর ব্যবস্থাপক আবু সাঈদ।
আজ বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অগ্নিকাণ্ডের পর সৃষ্ট জঞ্জাল ও পানি পরিষ্কারের কাজ চলছে। কিছু বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কারখানার মূল যন্ত্রপাতির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
গত বুধবার দুপুর দেড়টার দিকে ওষুধ কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হলেও কারখানার ভেতরে থাকা কোনো কর্মী হতাহত হননি। তবে মূল্যবান কেমিকেল ও কিছু মালামাল পুড়ে গেছে।
প্রাথমিক অবস্থায় কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে নোটিস টাঙিয়ে পুড়ে যাওয়া দুই ভবনের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কাজ চলছে, যা শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
অগ্নিকাণ্ডের রাতেই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আজ দপুর ১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠনের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।




