ধর্ষণের অভিযোগ সালিশে ৯০ হাজার টাকায় মীমাংসা

গ্রাফিকস: আগামীর সময়
হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর ওপর যৌন সহিংসতার অভিযোগের ঘটনায় গ্রামে সালিশ বসিয়ে ৯০ হাজার টাকা জরিমানা নির্ধারণের অভিযোগ উঠেছে। তবে ওই টাকার মধ্যে ভুক্তভোগী পরিবারের হাতে দেওয়া হয়েছে মাত্র ২০ হাজার টাকা। বাকি ৭০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ভুক্তভোগীর গ্রামের হানিফ মিয়ার বিরুদ্ধে। কিশোরীর চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর মা বলেছেন, ‘আমরা গরিব মানুষ। মামলা চালানোর সামর্থ্য নেই। তাই মেম্বারের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। ৯০ হাজার টাকা দেওয়ার কথা হলেও পেয়েছি ২০ হাজার।’
ইউপি সদস্য আবেদুর রহমান আবেদ সালিশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সালিশে ৯০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা পরে দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।’







