ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বিএনপি সরকার : অর্থ উপদেষ্টা

সংগৃহীত ছবি
বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এই অর্থনীতি এতটাই ভঙ্গুর যে ঋণখেলাপির ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ এলাকার সাবেক জনপ্রতিনিধিদের মধ্যেও অনেকে ঋণখেলাপির তালিকায় শীর্ষে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, এমন পরিস্থিতিতে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। অতীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার সংকটাপন্ন অর্থনীতি মোকাবিলা করে সফল হয়েছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, দুর্ভিক্ষ এবং বিশ্বব্যাপী তেল সংকটসহ নানা সংকট ছিল। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে বৈদেশিক আয়ের নতুন উৎস তৈরি করেছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। এর ফলে নারীদের আনুষ্ঠানিক খাতে অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী শিল্পকে গুরুত্ব দিয়েছেন। উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিতুমীর জানান, তারেক রহমানের অর্থনৈতিক মডেলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তিনি।
সভায় আরও ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




