চাঁদপুরে ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা এসব জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার সকাল থেকে চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোয় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং আরও ২২টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানিয়েছেন, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন নৌবাহিনীর সদস্যরা।
গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।




