সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের বিজিবির গুলি

ছবি: আগামীর সময়
লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২১ মে) রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির সীমান্ত এলাকায় ঘটে এ ঘটনা।
বিজিবি জানায়, কলসিমুখ এলাকার মেইন পিলার-৮০৬-এর প্রায় ২০০ গজ ভেতরে পশ্চিম গিয়ারপাড়ায় টহলে ছিল বিজিবি। এ সময় ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের সতর্ক করে বিজিবি। চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
ফাঁকা গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া পার করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের সতর্ক করে। নির্দেশ অমান্য করায় ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।




