কুড়িগ্রাম
মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

কুড়িগ্রাম সদরে একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে জলিল (২৩), মৃত তরিশের ছেলে জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) ও আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, থানায় খবর দেওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পরে সন্দেহভাজনদের আটক করে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মূর্তি চুরির ঘটনায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




