স্কুলছাত্র হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ছবি: আগামীর সময়
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান।
দণ্ড পাওয়া আসামিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ফোর্ডনগর গ্রামে বাস করত সোহান। সে নবম শ্রেণির ছাত্র ছিল। করোনা মহামারীর সময় ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করত সে। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে খাসেরচর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হ্যালোবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার দিন নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আ ফ ম নূরতাজ আলম বাহার।
তবে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।





