ডেঙ্গু আক্রান্ত খুলনা সিভিল সার্জন মাহফুজা খাতুন

ডা. মাহফুজা খাতুন
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর জ্বরে আক্রান্ত হন ডা. মাহফুজা খাতুন। পরদিন খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তার পজিটিভ রিপোর্ট আসে।
তিনি ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন হিসেবে যোগ দেন।
এদিকে খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সময় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১২৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৩২৮ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।




