মসজিদে শিরনি বিতরণ নিয়ে বাকপ্রতিবন্ধী যুবককে পেটানোর অভিযোগ

হাসপাতালে আহত যুবক
মৌলভীবাজারে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে মুনিম আহমদ (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর জুড়ীর কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মুনিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন তার মা।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১৫ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে।’ এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন এবং পরে ফোন দেবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



