ভূরুঙ্গামারীতে তরুণীকে ৫ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বাঁয়ে গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৃত্যানুষ্ঠানের জন্য ভাড়া করে আনা এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়ন থেকে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
তিনি জানিয়েছেন, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের কাশফুলের বাগানে নাচ-গানের আসর বসানো হয়েছিল। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশের নজর এড়িয়ে সেখানে মাদক, জুয়া ও অশ্লীল নাচের আয়োজন করা হতো। গত ২৫ সেপ্টেম্বর সেখানে তিন তরুণীকে ভাড়ায় আনা হয়। খবর পেয়ে ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই আসর বন্ধ করে দেয়।
ওসি আজিম উদ্দিন আরও জানালেন, তিন তরুণীর মধ্যে দুজন চলে গেলেও ২৬ বছর বয়সী তরুণীকে পাঁচ দিন আটকে রাখা হয়। এ সময় মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর তাকে ধর্ষণ করেন। এ ছাড়া তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও নিয়ে নেয় তারা।
বাড়ি ফেরার মতো টাকা না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তদের কাছে টাকা চাইতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীদের খবরে তাকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয় জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
পরে ওই তরুণী পাঁচজনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম ও লিটন মিয়া, আল আমিন এবং দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের ফুল মিয়া ওরফে ফুলবর।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




