‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’, কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

সাইফুল ইসলাম খোকন
চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মারা গেলেন তিনি।
এর আগে সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
গতকাল সোমবার নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন খোকন।
এ সময় অনেকে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন বলে আলোচনা করছিলেন। তবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে খোকন বলেছিলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’
গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, রাত ১টার দিকে সাইফুল ইসলাম খোকনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।






