আগামীর সময়ে প্রতিবেদন
মন্ত্রীর নির্দেশে নাসির উদ্দিনের কার্যক্রম পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে নাসির উদ্দিনকে— আগামীর সময়
সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা নাসির উদ্দিন। গত এক যুগ ধরে নিজ দায়িত্বে এলাকার রাস্তাঘাট, ড্রেন, ঝোপঝাড় পরিস্কার করেন। তার এই কাজের জন্য ধন্যবাদ জানিয়ে ‘রাস্তাঘাট পরিস্কার করা নাসিরের নেশা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ‘দৈনিক আগামীর সময়। প্রতিবেদনটি প্রকাশ হয় গত ২ জুলাই।
সংবাদটি নজরে পড়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর। তিনি স্থানীয় পরিবেশ অধিদপ্তরকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সৌজন্য উপহার দেন।
আজ রবিবার পিআইডি সিলেট অফিস জানায়, সিলেটের বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণে নীরব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ তথ্য অধিদপ্তরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল শনিবার সার্বিক কর্মকাণ্ড পরিদর্শনে যায়।’
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রতিনিধিদলকে নাসির উদ্দিনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশ সংরক্ষণে তার এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও তার এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধিদলে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকী, পরিদর্শক মো. মামুনুর রশিদ এবং প্রসেস সার্ভার মনিরুজ্জামান। এ সময় তারা নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তার পরিবেশবান্ধব কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।





