রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার পরে যুবককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

পিয়ারুল সরদার। সংগৃহীত ছবি
রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার পরে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হন পিয়ারুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




