ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি আটক

মাহবুব আলম
চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে দেশত্যাগেও নিষেধাজ্ঞা ছিল।
আটক ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৯)। তিনি কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার দেশত্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি ছিল।
শুক্রবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেন মাহবুব আলম। এ সময় অনলাইনে তথ্য যাচাই করতে গিয়ে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মাহবুব আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



