আগামীর সময়

বন্ধ থাকা পাটকল শিগগিরই চালু করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ থাকা পাটকল শিগগিরই চালু করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ছবিঃ আগামীর সময়

দেশে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে শিগগিরই চালু করা হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেছেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহারে আছে যেসব বন্ধ পাটকল রয়েছে তা পুনরায় চালু করা।অনেকগুলো পাটকল ইতোমধ্যে চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি-বিদেশি যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এ পাট শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছি।’

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেছেন তিনি।

বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন প্রায় ২০০ বছর পুরোনো মসলিন কাপড় পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, ‘হারিয়ে যাওয়া মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় তিনি ‘আব-ই-রওয়ান’ প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন এবং মসলিন তৈরির বিভিন্ন ধাপ—কার্পাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় বোনার প্রক্রিয়া ঘুরে দেখেন। প্রদর্শনীতে রাখা মসলিন সুতার তৈরি বিভিন্ন কাপড়ও তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান ও দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন এবং ইউএনও মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: