কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে গেল বিএসএফ

সংগৃহীত ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় ঘটে এ ঘটনা।
ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে সীমান্ত এলাকায় প্রবেশের পর তারা আটক হন বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত দেওয়ান রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয় মাদক কারবারিরা কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করেন। তাকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর বিএসএফের সদস্যরা তাদের নিয়ে যান।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।




