কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার (১৬ মে) সকালে সৈকতের ডিসি পয়েন্টসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে তীরে ভেসে আসে কচ্ছপটি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিম পাড়ার উদ্দেশ্যে কচ্ছপটি এসেছিল উপকূলের কাছাকাছি। তবে উদ্ধারকারীদের ভাষ্য, স্বাভাবিকের তুলনায় এটি বেশ দুর্বল অবস্থায় রয়েছে।
শনিবার সকালে সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম প্রথম কচ্ছপটিকে দেখতে পান। পরে তিনি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কে এম বাচ্চুকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন কচ্ছপটি।
কে এম বাচ্চুর ভাষ্য, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। এটি অলিভ রিডলি প্রজাতির একটি মা কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।
কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবুল হোসেন রাজু জানান, কলাপাড়া ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চিকিৎসক ঘটনাস্থলে এসে কচ্ছপটির প্রাথমিক চিকিৎসা দেবেন। চিকিৎসা শেষে সেটিকে আবার অবমুক্ত করা হবে সমুদ্রে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ উল্লেখ করেন, বিষয়টি জানার পর একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কুয়াকাটা বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বন বিভাগ সার্বক্ষণিক সহযোগিতা করছে।
ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ-এর ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ট্রলিং জালে আটকে পড়ে অনেক সামুদ্রিক কচ্ছপ দীর্ঘ সময় বিপদে থাকে। এতে তারা দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় তীরে ভেসে আসে। এছাড়া জলবায়ু পরিবর্তন, জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ এবং জেলেদের অসচেতনতাও সামুদ্রিক কচ্ছপের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, এসব কারণে সামুদ্রিক কচ্ছপের স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সংখ্যা।
উল্লেখ্য, চলতি মাসেই কুয়াকাটা উপকূলে সাতটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। এর মধ্যে একটি সবুজ সামুদ্রিক কচ্ছপ এবং পাঁচটি অলিভ রিডলি প্রজাতির। বেশ কয়েকটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।








