রূপগঞ্জে রি-রোলিং মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৪

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে ঘটে এ দুর্ঘটনা।
দগ্ধ শ্রমিকরা হলেন আবির, নাবির, নাজমুল ও রকিব। তাদের উদ্ধার করে প্রথমে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার রাতে মিলে লোহা গলানোর ভাট্টিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’




