নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য তি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: আগামীর সময়
চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।
অন্যদিকে, মোট রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ) ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।




