পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে ভোগান্তিতে রোগীরা। ছবি: আগামীর সময়
চিকিৎসা উপকরণের সংকট, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বুধবার সকাল ৮টা থেকে তদের এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং নিরাপত্তার ঘাটতির কারণে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। কখনো সংঘবদ্ধভাবে হুমকির শিকারও হচ্ছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও পর্যাপ্ত জনবলের অভাবে রোগীদের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে নিরাপত্তাহীনতা যুক্ত হওয়ায় দায়িত্ব পালনেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকরা আরও জানালেন, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোয় রোগীর চাপ বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। এতে স্বাভাবিক চিকিৎসাসেবা পরিচালনা ব্যাহত হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি বেড়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের বিস্তারিত পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি তুলে ধরা হবে।




