জামালপুরে অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগে নারী আটক

সংগৃহীত ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধর্মবোন পাতিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সুফিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার বেলতৈল বাজার থেকে অটোরিকশায় জামালপুরের যাওয়ার পথে খাদিজা নামে এক নারীর সঙ্গে এক অজ্ঞাতনামা নারীর পরিচয় হয়। অটোরিকশায় কথোপকথনের একপর্যায়ে ওই নারী খাদিজাকে ধর্মবোন বানায়। এ সময় তারা মোবাইল নম্বরও লেনদেন করেন। এর প্রায় ছয় মাস পর গত ১৬ ফেব্রুয়ারি রাতে ওই প্রতারক নারী মিষ্টি, জুস ও গরুর মাংস রান্না করে খাদিজার বাড়ি মাদারগঞ্জ উপজেলার দুধিয়াগাছা যায়। পরে তার সঙ্গে নেওয়া খাবার পরিবারের সবাইকে খাওয়ানো হয়। খাবার খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে রাতের আঁধারে প্রতারক নারী ঘরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে সটকে পড়েন।
তারা আরও জানিয়েছে, এ ঘটনার পর খাদিজা মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর অবস্থান সনাক্ত করে। তার অবস্থান নিশ্চিত হয়ে দীর্ঘ এক মাস পরে মেলান্দহের হাজরাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সুফিয়া বেগমকে আটক করে পুলিশ। এ সময় স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত সুফিয়া বেগম মেলান্দহ উপজেলার হরিনাচাইল এলাকার ছাইফুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেছেন, এক মাস আগে খাদিজা নামে এক নারী প্রতারণার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে স্বর্ণালংকার উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

