আগামীর সময়

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধানক্ষেতে ইঁদুর দমনে ব্যবহৃত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গোলাম মোস্তফা (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে নিজ ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য দেওয়া বিষ ও বৈদ্যুতিক ফাঁদ পরীক্ষা ও প্রস্তুতের কাজ করছিলেন মোস্তফা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎসংযুক্ত তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় কৃষকদের অনেকেই জানান, ফসল রক্ষায় ইঁদুর নিধনে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শেয়ার করুন: