এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও

ছবি: কোলাজ
ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্রের ভিডিও প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়েছেন এক এনসিপি নেতা। ঘটনাটি পাবনার সাঁথিয়া উপজেলা।
সমালোচনার মুখে পড়া ওই এনসিপি নেতার নাম মুজাহিদ ফকির। তিনি সাঁথিয়া পৌর এনসিপির সদস্য সচিব। ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভিডিওটি আপলোড করার প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হয়। তবে ইতোমধ্যে তা সোশ্যালে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ওই নেতার আচরণ নিয়ে তীব্র সমালোচনা করে শাস্তির দাবি জানিয়েছেন।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুজন ব্যক্তির হাত ও পায়ের অংশ দৃশ্যমান। এদের মধ্যে একজন মেঝেতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তবে ভিডিওতে কারও মুখমণ্ডল স্পষ্ট নয়।
এ বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের অস্ত্র প্রদর্শন জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে। কিছুদিন আগে এমন ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন একজন। মুজাহিদ ফকিরসহ কয়েকজন নেতা হওয়ার পর প্রায়ই এমন পোস্ট দিচ্ছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় দ্রুত প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘মুজাহিদ আগেও ফেসবুকে এমন ছবি-ভিডিও প্রকাশ করেছেন। পরে এগুলো খেলনা পিস্তল হিসেবে প্রমাণিত হয়। তবে সদ্য প্রকাশিত ভিডিওটি আসল অস্ত্রের কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।’
ওসি আরও জানান, ভিডিওর অস্ত্রটি আসল হলে তার বৈধতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পোস্ট দেওয়া হয়েছে কি না, সেসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন তবে ভিডিওটি দেখেননি। মুজাহিদের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে মন্তব্য করবেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানার জন্য মুজাহিদের ফোনে একাধিকবার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।




