রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনেই গুণগত পরিবর্তন সম্ভব: ইসরাফিল খসরু

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা গেলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।
বুধবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসরাফিল খসরু বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন চান। এজন্য প্রকৃত ক্রীড়া সংগঠক ও প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে। চট্টগ্রামে পর্যাপ্ত মাঠ, ক্রীড়া অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। তাই এসব অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ইতোমধ্যে চট্টগ্রামের স্টেডিয়ামে উন্নয়নকাজ চলমান।’
নতুন ইন্ডোর ফ্যাসিলিটি গড়ে তোলা এবং চট্টগ্রামের জিমনেশিয়ামে যাতে সব ধরনের খেলার আয়োজন করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সবার সমন্বিত সহযোগিতা পাওয়া গেলে ক্রীড়াঙ্গনের সব প্রতিবন্ধকতা অতিক্রম করে খেলাধুলাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে চট্টগ্রামে আবারও নিয়মিত খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে বলে মন্তব্য করেন তিনি।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু, টিসিজেএর সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলী আকবর, সুমন গোস্বামী, যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় টিসিজেএর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।






