বাণিজ্যিক ভবনে সিডিএর অভিযান, নকশা দেখাতে ৭ দিনের সময়

ছবি: আগামীর সময়
যানজট নিরসন, ভবনের অনুমোদিত নকশা বাস্তবায়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে এবার নগরের জিইসি মোড় এলাকার বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ রবিবার বিকেলে পরিচালিত এই অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা উপস্থাপন এবং ফুটপাত থেকে অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
গত ১২ জুন সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্রকৌশলী বেলায়েত হোসেন। এরপর ২১ জুলাই থেকে নগরের যানজট নিরসন এবং পার্কিং সমস্যা সমাধানে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা অভিযান পরিচালনা করে আসছে সিডিএ।
টানা দুই মাসের সেই অভিযানে হাসপাতাল ও স্কুলগুলোর পার্কিং ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাকেন্দ্রের পর এবার নগরের অন্যতম ব্যস্ত এলাকা ও যানজটের হটস্পট হিসেবে পরিচিত জিইসি মোড়ের বাণিজ্যিক স্থাপনাগুলোতে নজর দিয়েছে সংস্থাটি।
রবিবার বিকেলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে জিইসি মোড়সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোর ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্ট ভবন এবং সড়কের অপর পাশে সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবনে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
পরিদর্শনকালে সেন্ট্রাল প্লাজা কর্তৃপক্ষ সিডিএর প্রতিনিধিদলকে জানায়, তাদের কমপ্লেক্সে মোট তিনটি মার্কেট আছে। তবে পরিদর্শনের সময় কোনো মার্কেট কর্তৃপক্ষই সিডিএর অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরে মার্কেট মালিকদের আগামী সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে সিডিএ কার্যালয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান আশপাশের বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক ভবন ঘুরে দেখেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের অননুমোদিত স্থানে স্থাপিত সাইনবোর্ড এবং ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশ সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়।
অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ‘জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। এখানে বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের চলাচলের পথ দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে।’
প্রাথমিক সতর্কবার্তার কথা উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান আরও বলেন, ‘প্রথমবারের মতো পরিদর্শনে এসে প্রাথমিকভাবে সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিজেদের অনিয়ম সংশোধন করে নিতে হবে। তা না হলে সিডিএর ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’




