চট্টগ্রামের সলিমপুরে ছেলের হাতে বাবা খুন

অপরাধপ্রবণ এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত ওই ব্যক্তি।
নিহত মো. নুর উল্লাহ (৬৩) পাহাড়ি খাসজমি দখল করে গড়ে তোলা জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার ৫ নম্বর সমাজের বাসিন্দা ছিলেন। তাদের বাড়ি অবশ্য কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
ঘটনার পর ছেলে সাইফুল্লাহকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দিয়েছে।
পরিবারে ঝগড়া-অশান্তির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানালেন সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা। বললেন, 'গতকাল বিকেলে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে বাবাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা উনাকে চমেক হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে তার মৃত্যু হয়েছে।'
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানালেন এসআই সোহেল রানা।






