দিনভর উত্তেজনার পর যথাসময়েই হচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন

সংগৃহীত ছবি
সকাল থেকেই আলোচনা ছড়িয়েছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন আবারও স্থগিত হচ্ছে। নতুন করে প্রতিদ্বন্দ্বী পক্ষ রিট করেছে নির্বাচন স্থগিত করতে। হাইকোর্টে শুনানি শেষে দুপুর নাগাদ রায় আসল ২৩ মে চট্টগ্রাম চেম্বার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত। খুশিতে আটখানা এস এম নুরুল হকের নেতৃত্বধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল। কারণ সেই রিটের বাদী ছিলেন তিনি নিজে।
বিমর্ষ থাকা প্রতিদ্বন্দ্বী আরেক পক্ষ আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল সেই রায় ঠেকাতে গেলেন চেম্বার জজ আদালতে। দুপুরেই আদালত শুনলেন দুপক্ষের বক্তব্য। শুনানি শেষে বিকেল না গড়াতেই রায় আসল হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার! তবে পরবর্তী শুনানির জন্য ৮ জুন সময় বরাদ্দ রেখেছেন আদালত।
কিন্তু চট্টগ্রাম চেম্বার নির্বাচনের নতুন তারিখ ২৩ মে। মানে দাঁড়াল যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে উচ্চ আদালতের বাধা নেই। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের মধ্যে দিনভর উত্তেজনা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন শাখা আদেশ দিল চট্টগ্রাম চেম্বার নির্বাচন যথাসময়েই হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়ার আদেশও দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশ পেয়ে তড়িঘড়ি করে বিকেল ৪টায় চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনের প্রশিক্ষণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ড। যেখানে ১৫০ কর্মকর্তা প্রশিক্ষণ দেওয়ার কথাও জানানো হয়। গঠিত হয় পাঁচ সদস্যের নির্বাচন পর্ববেক্ষণ বোর্ড।
চট্টগ্রাম চেম্বার নির্বাচনী বোর্ড চেয়ারম্যান মনোয়ারা বেগম আগামীর সময়কে বলেছেন, ২৩ মে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আমরা পুরোপুরি প্রস্তুত। আদালতের রায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনা করছি। নির্বাচন হবে ১৮ পরিচালক পদে।
গত ১৮ মে চট্টগ্রাম চেম্বার নির্বাচনী বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছিল, বর্তমান শিডিউলেই নির্বাচন হবে। আর ভোটাররা শুধু অর্ডিনারি ও অ্যাসোসিয়েটস গ্রুপের ১৮ পরিচালক পদেই ভোট দেবেন। বাকি ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশনের ৬ পরিচালক পদে ৬ জন প্রার্থী, তাই সেই দুটি শ্রেণিতে নির্বাচনের প্রয়োজন নেই। এই ৬ পদে আমিরুল হকের নেতৃত্বধীন প্যানেলের ৬ চেম্বার পরিচালক নির্বাচিত হওয়ার পথে আছেন।
চেম্বার জজ আদালতের রায়ের পর শেষ পর্যন্ত এস এম নুরুল হকের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে থাকবেন কি না জানতে বেশ কয়েকবার ফোন দেওয়া হয় চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হককে কিন্তু সাড়া মেলেনি।
এফবিসিসিআই সাবেক পরিচালক আমিরুল হক জানালেন, আদালত যে রায় দিয়েছেন তা আমরা সব সময়ই মেনে চলেছি। আমরা তৃণমূল ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত চেম্বার নেতৃত্ব সব সময় চেয়েছি। এখনো সেই নীতিতেই আছি।






