দুর্ঘটনা কবলিত জাহাজটির ট্যাংকের নমুনা সংগ্রহ

সংগৃহীত ছবি
এমটি রাসি ‘র যেখানে শ্রমিকেরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান সেই ব্যালাস্ট ট্যাংক এলাকাটি আজ মঙ্গলবার পরিদর্শন করেছে একটি বিশেষজ্ঞ দল। দলটি ঘটনাস্থল থেকে মাটি, বাতাস ও রাসায়নিকের নমুনা সংগ্রহ করেছে। তবে সেখানে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি এখন নেই।
প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার ব্যালাস্ট ট্যাংকের ছোট একটি অংশ কাটা হচ্ছিল। ওই কাটা অংশ দিয়ে বিষাক্ত গ্যাস বের হয়। এতে শ্রমিকেরা আক্রান্ত হয়। এতে ৯ শ্রমিক মারা যান। অন্তত ১০ জন আহত হন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে বিশেষায়িত দলটিতে রয়েছেন বেসরকারি কিছু কারিগরি প্রতিষ্ঠানের সদস্যরা। গতকাল সোমবার দলটি প্রথম জাহাজটিতে ওঠে। কিন্তু ওইদিন তারা যে ট্যাংক থেকে গ্যাস ছড়িয়েছিল সেখানে যায়নি। আজ উচ্চ সুরক্ষা সামগ্রী নিয়ে ট্যাংকটির কাছে যায় এবং পরীক্ষা নিরীক্ষা চালায়।
তবে নমুনায় হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনার চারদিন পর গ্যাসটি জোয়ারের পানি অথবা বাতাসে মিশে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও দুটি ব্যালাস্ট ট্যাংক জাহাজটিতে রয়েছে। ওই দুটিতে বিষাক্ত বা হাইড্রোজেন সালফাইড গ্যাস রয়েছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষায়িত কমিটি।
জানতে চাইলে বিশেষজ্ঞ দলের প্রধান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইয়াসির আরাফাত খান আগামীর সময়কে বললেন, ‘দুর্ঘটনার সূত্রপাত যে ট্যাংক থেকে আমরা সেখানে গিয়েছি। নমুনা সংগ্রহ করেছি। ঘটনার দিনের মতো গ্যাসের উপস্থিতি ওই জায়গায় নেই। তারপরও আমরা নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পাঠিয়েছি। আরও যে কয়টি ট্যাংক রয়েছে তা থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তাধীন বিষয় নিয়ে এর বেশি কিছু বলা যাবে না।’
এদিকে, ঘটনার চারদিন পরও এই ঘটনায় সীতাকুণ্ড থানায় কেউ মামলা করেননি। পুলিশ শনিবার একটি অপমৃত্যু মামলা করেছিল। ৯ মরদেহের মধ্যে একজনের তারা ময়নাতদন্ত করেছিল।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেউ মামলা করতে আসেনি। যদি আসে আমরা মামলা নেব। নইলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ঘটনার দিন আমাদের খবর দেওয়া হয় দুই ঘণ্টা পর। তারা বুঝতে পারেনি এত বড় ঘটনা হয়ে যাবে। ম্যানেজ করতে না পেরে খবর দেয়।’
দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং জাহাজ মালিকদের সংগঠন বিএসবিআরএ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। এর বাইরে শিল্প মন্ত্রণালয় রবিবার বুয়েটের অধ্যাপক ইয়াসির আরাফাত খানকে প্রধান করে একটা বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে।







