চট্টগ্রাম
আগস্টকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত ডেঙ্গুর

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সঙ্গে বাড়ছে মৃত্যুও। মাসের ১১ দিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। বছরের মোট মৃত্যু ১০ জন। এই মাসে আক্রান্তের হারও সবচেয়ে বেশি, এখন পর্যন্ত ৭৬০ জন।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০৫ জন।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন শনিবার থেকে পৃথক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে। সারা দেশে তিন মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হন ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সর্বোচ্চ গত আগস্ট মাসে রয়েছেন ১ হাজার ২০২ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চলতি মাসের প্রথম ১১ দিনে। আগস্টকে ছাড়িয়ে যাওয়ার এখনই ইঙ্গিত দিচ্ছে।
এ বছর আক্রান্তদের মধ্যে ১ হাজার ২৪৩ জন নগরের বাইরে বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে সবচেয়ে বেশি সীতাকুণ্ড উপজেলায় ৩৫৮ রোগী পাওয়া গেছে। এরপর কর্ণফুলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯৪ জন।
অতীতের রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, আগস্ট মাস থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ সময়টাতে ডেঙ্গুতে মৃত্যুও বাড়তে থাকে।




