মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের হামলা

সংগৃহীত ছবি
ইরান উপকূলীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রেস টিভি এক ভিডিও প্রকাশ করে জানায়, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরীর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ‘শত্রু’ রণতরী আব্রাহাম লিংকনের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় প্রবেশ করলে লক্ষ্যবস্তু করা হবে।
সংস্থাটি আরও জানায়, উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীর দিকে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে সেটিকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।
এর জবাবে তেহরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
















