ইন্দোনেশিয়ার নির্মাণাধীন নতুন রাজধানীর কাছে দাবানল

ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার নির্মাণাধীন নতুন রাজধানী নুসানতারার আশপাশে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টি নামাতে ক্লাউড সিডিং এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর অভিযান চালাতে দুর্যোগ প্রশমন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
বোর্নিও ও সুমাত্রা দ্বীপের বন ও ভূমিতে লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছয়টি প্রদেশে ধোঁয়াশা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করেছে ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত আগুনে মোট ৭৩ হাজার ৩১১ হেক্টর এলাকা পুড়ে গেছে।
বোর্নিও দ্বীপের বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। তবে জুলাইয়ে শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর আগুনের প্রকোপ বাড়লেও নতুন রাজধানী নুসানতারা অবস্থিত দ্বীপটির পূর্বাঞ্চল গত কয়েক সপ্তাহ তুলনামূলকভাবে নিরাপদ ছিল।
তবে এখন রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায়ও আগুন ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় নতুন রাজধানী প্রকল্পের তদারককারী কর্তৃপক্ষ। দুর্যোগ প্রশমন সংস্থার ইমার্জেন্সি রেস্পন্স পরিচালক আগুস রিয়ান্তো এ কথা জানিয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জের দুর্যোগ মোকাবিলা ও প্রশমনকারী দলগুলো গত এক দশকের সবচেয়ে কঠিন শুষ্ক মৌসুমের মুখোমুখি হচ্ছে। এর সঙ্গে ‘সুপার এল নিনো’ পরিস্থিতি যোগ হয়ে সংকট আরও তীব্র হয়েছে।
আগুস জানান, নতুন রাজধানী এলাকার সবচেয়ে বড় আগুনটি লেগেছে বুকিত সুহার্তোর একটি বন পার্কে। সাবেক কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট সুহার্তোর নামে নামকরণ করা এই এলাকায় প্রায় ৩০০ হেক্টর বন পুড়ে গেছে।
বুকিত সুহার্তো শহরের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। নতুন রাজধানীর জন্য গত কয়েক বছরে নির্মিত বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে শহরের কেন্দ্র এলাকায়।
২ সেপ্টেম্বর পর্যন্ত নুসানতারার আশপাশে মোট প্রায় ৪০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে।






