১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভক্তদের মুখোমুখি ব্ল্যাকপিঙ্ক

বিশ্বখ্যাত কে পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক
বিশ্বখ্যাত কে পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক (BLACKPINK) তাদের অভিষেকের এক দশক পূর্ণ করল। এই মাইলফলক উদযাপনে সিউলে আয়োজিত এক বিশেষ প্রাইভেট ফ্যান-সাইনিং ইভেন্টে সরাসরি ভক্তদের মুখোমুখি হয়েছেন ব্যান্ডের চার সদস্য জিসু, জেনি, রোজে এবং লিসা। দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের অনুরাগী ‘ব্লিঙ্ক’দের (BLINK) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। সম্প্রতি ‘দ্য কোরিয়া টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্ল্যাকপিঙ্কের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের চিত্র তুলে ধরা হয়েছে।
২০১৬ সালের ৮ আগস্ট ‘স্কোয়ার ওয়ান’ (Square One) অ্যালবামের ‘উইসল’ ও ‘বোম্বায়াহ’ গানের মাধ্যমে কে-পপ জগতে আত্মপ্রকাশ করেছিল ব্ল্যাকপিঙ্ক। আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে বিশ্বসংগীতের শীর্ষে জায়গা করে নেয় ওয়াইজি এন্টারটেইনমেন্টের অধীনে গড়ে ওঠা এই চার নারীর ব্যান্ড। কে-পপ গার্ল গ্রুপ হিসেবে বিশ্বজুড়ে বিলিয়ন ডলারের কনসার্ট ট্যুর, কোচেল্লার মতো ঐতিহাসিক সংগীত উৎসবে হেডলাইনার হওয়া এবং বিলবোর্ড চার্ট জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে তারা।
প্রতিষ্ঠানিক চুক্তির মেয়াদ শেষে চার সদস্যই ব্যক্তিগতকাজে নিজস্ব সংস্থায় যুক্ত হলেও ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের সম্মিলিত কার্যক্রম অক্ষুণ্ন রেখেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে সদস্যরা জানান, গত দশ বছরের এই অভাবনীয় সাফল্য ভক্তদের ভালোবাসার ফলেই সম্ভব হয়েছে।
ফ্যান-সাইনিংয়ের পাশাপাশি তাদের ১০ বছর পালনে সিউলজুড়ে পপ-আপ স্টোর এবং বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছে তাদের পুরো ক্যারিয়ারের নানামুখী পোশাক, মিউজিক ভিডিওর সেট এবং স্মারক।
এন্টারটেইনমেন্ট খাতের বিশ্লেষকদের মতে, ১০ বছর পার করেও ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয়তা ও বৈশ্বিক প্রভাব আগের মতোই তুঙ্গে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদযাপনের পর ব্ল্যাকপিঙ্ক তাদের নতুন অ্যালবামের কাজ ও আগামী বিশ্ব সফরের (World Tour) ঘোষণা দিতে পারে বলে জোর জল্পনা চলছে। এতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।




