নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫

ছবি: রয়টার্স
নাইজেরিয়ার একটি সামরিক বিমান সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে বিধ্বস্ত হয়েছে। বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ২৫ যাত্রী ও ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে নাইজেরিয়ার বিমানবাহিনী।
তবে সোমবার বিমানমন্ত্রী ফেস্টাস কেয়ামো প্রাথমিক ভাবে জানিয়েছিলেন নিহতের সংখ্যা ৩২।
নাইজেরিয়ার বিমানবাহিনী (এনএএফ) এক বিবৃতিতে বলেছে, ‘এনএএফ ৯৩১ বিমানে মোট ২৫ জন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ক্রু সদস্য এবং ২০ জন যাত্রী।’
প্রেসিডেন্ট বোলো টিনুবু দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
বিমানমন্ত্রী কেয়ামো জানিয়েছেন, এটিআর-৪২ মডেলের বিমানটি বেনিন সিটি থেকে লাগোসে নিয়মিত মিশনে যাওয়ার সময় সোমবার গ্রিনিচ মান সময় ০৮:১৩টায় বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা এর সঙ্গে যোগাযোগ হারান। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি।
পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।



