১৩৩ আরোহী নিয়ে গায়ানা উপকূলে ফেরি ডুবি, বহু মৃত্যুর শঙ্কা

বহু প্রণহানির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা- রয়টার্স
গায়ানার উপকূলে ১১৬ জন যাত্রী ও ১৭ জন নাবিক বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এতে বহু প্রণহানির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজধানী জর্জটাউন থেকে শনিবার ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা ফেরিটি উল্টে যায়। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
স্থানীয় সময় শনিবার রাত ১১টা ১ মিনিটে (রবিবার) বিপদসংকেত পাওয়া যায়। এরপর সরকারি উদ্ধারকারী দল এবং ব্যক্তিমালিকানাধীন নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন জনপূর্তমন্ত্রী হুয়ান এডঘিল।
তিনি সাংবাদিকদের বললেন, ‘আমরা আশাবাদী, জাহাজে থাকা প্রত্যেকের খোঁজই পাওয়া যাবে।’ রবিবার বিকেল পর্যন্ত উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছিল।
প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। তিনি আরও বলেছেন, ফেরিটির অধিনায়কও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
পরে অধিনায়ক উদ্ধার অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে ফিরে গেছেন বলে জানান ফিলিপস। তিনি বলেছেন, উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে এবং রবিবার অনুসন্ধান এলাকার পরিধি দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে।
ফিলিপস বলেছেন, দুর্ঘটনার সময় ফেরিটি অনুমোদিত ওজনসীমার মধ্যেই ছিল। এছাড়া এতে ৩০০ জনেরও বেশি যাত্রী বহনের অনুমতি ছিল।
তিনি ফেসবুকে জানান, উদ্ধার অভিযান ও চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ার পর ফেরিতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে। উদ্ধার হওয়া ব্যক্তি এবং এখনও নিখোঁজ যাত্রীদের স্বজনদের জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
এমভি বারিমা পোর্ট কাইটুমার উদ্দেশে যাত্রা করছিল। পথে আয়রন পান্ট এলাকার কাছে এটি উল্টে যায়।
ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, ১৯৩৯ সালে নির্মিত এমভি বারিমার দৈর্ঘ্য ৪০ মিটার।




