জিবুতির উপকূলে অভিবাসী নৌকাডুবে নিহত অন্তত ১০৯, শতাধিক নিখোঁজ

জিবুতির এডেন সাগর উপকূলে পালিয়ে আসা অভিবাসীদের দেখাশোনা করছেন আইওএমের কর্মীরা- রয়টার্স
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি অভিবাসী নৌকাডুবে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন মারা গেছে। এ ঘটনায় নিখোঁজ ১১৬ জনের বেশি। জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।
রবিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালির মুখোমুখি জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নৌকাটি ৩০০ জনের বেশি মানুষ নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল। জিবুতির উদ্ধারকারী দলের অভিযানে ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক।
জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্ডার কোইসাক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘আমাদের দলগুলো জরুরি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি মাঠে কাজ করছে। ঘটনাটি েদখিয়েছে অভিবাসন করিডোর অঞ্চলে অর্থনৈতিক সুযোগের সন্ধানে পাড়ি দেওয়া মানুষদের ঝুঁকি কতটা চরম।’
হর্ন অব আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসীরা জিবুতি ও ইয়েমেনের মধ্যকার মাত্র ২০ কিলোমিটার সরু জলপথ বাব আল-মান্দেব পাড়ি দেয় জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু পথটি অত্যন্ত বিপজ্জনক।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসনের মধ্যেই ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে লড়াই আবারও শুরু হয়েছে। এ কারণে ওই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা উপেক্ষা করেই বহু মানুষ জীবিকা ও নিরাপত্তার খোঁজে বিপজ্জনক এই যাত্রায় নামেন।
আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইথিওপিয়ার ২০ হাজারের বেশি মানুষ জিবুতিতে প্রবেশ করেছে। যা বিরল রেকর্ড। গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই বিপজ্জনক পথে ইয়েমেনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। যাত্রাপথে অন্তত ৯০০ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
শুধু অভিবাসীদের বের হওয়ার পথ নয়, ইয়েমেনে নতুন করে সংঘাতের কারণে কয়েক হাজার মানুষ পালিয়ে জিবুতিতে আশ্রয় নিচ্ছেন।



