দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত আসা, গলার স্বর বসে যাওয়া কিংবা বারবার ফুসফুসে সংক্রমণ অনেক সময় গুরুতর রোগের লক্ষণ হতে পারে। এসব উপসর্গকে অবহেলা না করে দ্রুত কারণ নির্ণয় করা প্রয়োজন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে শ্বাসনালি ও ফুসফুসের বিভিন্ন রোগ নির্ণয়ের অন্যতম কার্যকর পদ্ধতি হলো ভিডিও ব্রোঙ্কোস্কপি।
ভিডিও ব্রোঙ্কোস্কপিতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরাযুক্ত সরু ও নমনীয় একটি যন্ত্র শ্বাসনালির ভেতরে প্রবেশ করিয়ে শ্বাসনালি ও ফুসফুসের অভ্যন্তরীণ অংশ সরাসরি দেখা হয়। এতে কাটাছেঁড়া অপারেশন করতে হয় না...