জুনিয়রদের ৭-১ গোলে হারালো জিমিরা

ছবি : মোশারফ হোসেন
এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচে ৭-১ গোলের বড় জয় পেয়েছে জাতীয় দল।
এশিয়ান গেমসের সম্ভাব্য স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে গড়া জাতীয় দল ম্যাচটিতে সহজেই জয় তুলে নেয়। অনূর্ধ্ব-২০ দল বর্তমানে বিকেএসপিতে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প করছে।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড, ‘আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না। আমাদের এখনো অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স দেখে কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। অনুশীলনে যা নিয়ে আলোচনা করেছি এবং যেভাবে প্রস্তুতি নিয়েছি তারা মাঠে ঠিক সেটাই বাস্তবায়ন করেছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।‘
বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের শেখার মানসিকতারও প্রশংসা করেন এই কোচ, ‘এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সবচেয়ে বড় গুণ হলো অনুশীলনে যা শেখানো হয়, তারা খুব দ্রুত তা রপ্ত করে ম্যাচে প্রয়োগ করতে পারে। তবে এখনো কিছু ঘাটতি রয়েছে। সেগুলো নিয়েই আমাদের আরও কাজ করতে হবে।‘
প্র্যাকটিস ম্যাচের বড় জয়কে সামনে রেখে বাড়তি আত্মবিশ্বাসে ভেসে যেতে চান না গেরহার্ড। সামনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের প্রথম ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের আসল লক্ষ্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ। আজকের প্রতিপক্ষ আর কোরিয়া এক নয়। তারা অনেক উচ্চমানের দল। তাই আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে দলের অবস্থান নিয়ে আমি সামগ্রিকভাবে সন্তুষ্ট।‘
বাংলাদেশ হকি ফেডারেশনের আশা, ধারাবাহিক অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমে এশিয়ান গেমসে জাতীয় দল নিজেদের সেরাটা উপহার দিতে সক্ষম হবে।





