ফাইনালের আগে সতীর্থদের যে বার্তা দিয়েছিলেন মেসি

সংগৃহীত ছবি
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশে সংক্ষিপ্ত এক অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন। এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ফাইনালে ১-০ গোলে হারের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে মেসি বলছেন, ‘চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি।'
এরপরই তিনি বলেন, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলি। শুধু খেলার দিকেই মনোযোগ দাও, ছেলেরা।‘ মেসির এই কথাগুলোই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘সবকিছু ভুলে যাও’—এই মন্তব্যের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে চলছে নানা জল্পনা।
মেসি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে বেশ বিতর্ক ছিল। স্পেনের সংবাদমাধ্যম ও সমর্থকদের একাংশ অভিযোগ তুলেছিলেন টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে।
স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তেও ম্যাচের আগে বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ম্যাচে এমন কিছু ঘটনা আমরা দেখেছি, যা আমাদের বিস্মিত করেছে। কিছু সিদ্ধান্ত এমন ছিল, যেগুলোর শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু হয়নি।’
যদিও মেসির বক্তব্য ঠিক ওই বিতর্ককে উদ্দেশ্য করেই ছিল কি না, তা নিশ্চিত নয়। তবে তার সংক্ষিপ্ত বার্তা ম্যাচের আগে সতীর্থদের চাপমুক্ত রেখে কেবল খেলায় মনোযোগী হওয়ার আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।




