যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেবে ইরান

সংগৃহীত ছবি
বিশ্বকাপে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ভিসার শর্ত অনুযায়ী, ম্যাচের মাত্র একদিন আগে দেশটিতে প্রবেশের এবং ম্যাচের দিনই বিদায় নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইরানি দলের। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি দলটিকে এই বিশ্বকাপের ‘সবচেয়ে নিপীড়িত দল’ বলে অভিহিত করেন।
ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ভ্রমণ বিধিনিষেধ সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সাথে সাংঘর্ষিক এবং দলের প্রস্তুতি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ ফেডারেশন জানায়, তারা যথাযথ মাধ্যমে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করবে এবং অভিযোগ দাখিল করবে।
ফেডারেশন জানিয়েছে, নিউজিল্যান্ড ম্যাচের আগে তারা শহরে দুই দিন আগে পৌঁছানোর অনুমতি চেয়েছিল, যা মঞ্জুর হয়নি। একইভাবে ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেও একই অনুরোধ করা হয়েছিল। স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকায় পর্যাপ্ত প্রস্তুতির জন্য আগে আসার সুযোগ চেয়েছিল দলটি। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে শুরু থেকেই এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ছিল অনিশ্চয়তায়। দলটির একাধিক গুরুত্বপূর্ণ সহযোগী কর্মকর্তা মার্কিন ভিসা পাননি, এবং টুর্নামেন্ট শুরুর আগের দিন তাদের বরাদ্দ টিকিটও বাতিল করা হয়। নিরাপত্তার কথা ভেবে ইরান তাদের ঘাঁটিও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বিবিসিকে জানান, ‘ইরানের জাতীয় ফুটবল দল এই শর্তগুলো মেনে নিয়েছিল।’ হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, দলটি ম্যাচের আগের দিন লস অ্যাঞ্জেলেসে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষে সন্ধ্যার মধ্যে ফিরে যেতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন, তবে ইরানি দলের ক্ষেত্রে ভিসা নীতিতে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। গ্রুপ পর্বে ইরানের বাকি দুটি ম্যাচই মার্কিন মাটিতে — ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।




