আর্চারদের অভিযান শুরু

ফাইল ছবি
এশিয়ান গেমসে আর্চারির র্যাংকিং রাউন্ড হয়েছে শনিবার। এই রাউন্ডে বাংলাদেশ অবশ্য বড় চমক দেখাতে পারেনি, এর মাঝেও নিজেদের ক্যারিয়ার সেরা স্কোর গড়েছেন রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার।
রিকার্ভ পুরুষ ইভেন্টে বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ক্যারিয়ার সেরা ৬৭৮ স্কোর গড়ে র্যাংকিং রাউন্ডে ১১তম হয়েছেন। আব্দুর রহমান আলিফ ৬৫৩ স্কোরে ২৯তম হয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। আরেক আরচার রাকিব মিয়ার পয়েন্ট ছিল আলিফের সমান। তবে আলিফ তার চেয়ে তিনটি বেশি এক্স স্কোর করায় নকআউটে সুযোগ পান। প্রতি দেশ থেকে দুজনের বেশি আরচারের নকআউটে খেলার সুযোগ নেই।
রামকৃষ্ণকে নকআউটে প্রথম পর্ব খেলতে হচ্ছে না। তিনি সেরা ১৬-র লড়াইয়ে মুখোমুখি হবেন ২২তম হওয়া কাজাখস্তানের ঝানবিরবে দৌলেতকেলদির।
২৯ বছর বয়সি রামকৃষ্ণর এ মৌসুমে সেরা স্কোর ছিল ৬৬৬। ১২ পয়েন্ট বেশি তুলেছেন এবার। যা ছাড়িয়ে গেছে তার ক্যারিয়ার সেরা ৬৬৮ কে।
ইতিবাচক স্কোরের মাঝেও আক্ষেপ হয়ে আছে র্যাংকিং রাউন্ডের দ্বিতীয়ার্ধ—প্রথমার্ধে ৩৪২ স্কোর গড়া রামকৃষ্ণ সাহা পরের অর্ধে করতে পারলেন ৩৩৬। প্রথমার্ধের ছন্দটা পরের অর্ধে ধরে রাখতে পারলে শীর্ষ ৬-এ উঠে আসার সুযোগ ছিল তার।
আলিফকে অবশ্য শুরু থেকেই লড়তে হবে। তার প্রতিপক্ষ থাইল্যান্ডের থানাথিওয়াত তানাকর্ন। এই ইভেন্টের র্যাংকিং রাউন্ডে ভারতীয় আর্চার বোম্মাদেভারা ধিরাজ ৬৯৮ স্কোর গড়ে সেরা হন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ হয়েছে ১১তম। তাদের স্কোর ১৯৮৪। দলগত ইভেন্টের নকআউটে বাংলাদেশ সরাসরি খেলবে প্রি-কোয়ার্টার ফাইনালে ইরানের বিপক্ষে।
নারী রিকার্ভ একক ইভেন্টে নকআউট পর্বে নাম লিখিয়েছেন সায়মা সালাউদ্দিন ও সীমা আক্তার আকতার। সায়মা ২৫তম হয়ে সরাসরি খেলবেন ফিলিপাইনের নাইনা তাগলের সঙ্গে। আর ২৯তম সিমা খেলবেন ফিলিস্তিনের রাশা আবুমিঘিসিবের সঙ্গে।
ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব ক্যারিয়ার সেরা ৭০১ স্কোর গড়েও ৪৫ জনের লড়াইয়ে ২২তম হয়েছেন। হিমু বাছাড় (৬৯৬) ৩১তম এবং ঐশ্বর্য্য রহমান ক্যারিয়ার সেরা ৬৯৫ স্কোর গড়েও ৩১তম স্থানে ছিলেন। শেষ ষোলোতে যাওয়ার দৌড়ে নেওয়াজ আহমেদ রাকিবের প্রতিপক্ষ ইরানের মিলাদ রাশিদি। হিমু বাছাড় লড়বেন কাজাখস্তানের আন্দ্রেই তায়েতায়য়ুনের বিপক্ষে।
মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে বন্যা আক্তার ক্যারিয়ার সেরা ৬৯৭ স্কোর গড়ে ৫৩ প্রতিযোগীর মধ্যে ১৬তম হন। বিশ্ব র্যাংকিংয়ে ১১৬ অবস্থানে থাকা এই তীরন্দাজের ক্যারিয়ার সেরা স্কোর ছিল ৬৯৩। কুলসুম আক্তার মনি ৬৯২ স্কোর গড়ে ২৬তম স্থান পেয়েছেন। ৬৭৮ স্কোর গড়া পুষ্পিতা জামান ৩৮তম স্থান পেয়েছেন। পরের রাউন্ডে বাই পেয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। পরবর্তী লড়াইয়ে বন্যা আক্তারের প্রতিপক্ষ ইরানের গিসা বাইবরদি। কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ নিনা বনিতা প্যারেইরা।
কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের অবস্থান দশম। প্রি-কোয়ার্টারে লাল-সবুজরা খেলবে কাজাখস্তানের বিপক্ষে। রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে মনিরা আক্তার-আব্দুর রহমান আলিফ জুটি ১৩১২ স্কোর গড়ে ২০ দলের লড়াইয়ে ১৪তম স্থান পেয়েছে। পরের রাউন্ডে বাংলাদেশ লড়বে র্যাংকিং রাউন্ডে ১৯তম স্থান পাওয়া থাইল্যান্ডের বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দ্বৈত ইভেন্টে বাংলাদেশের ঐশ্বর্য্য রহমান-পুষ্পিতা জামান জুটি ১৩৯৮ স্কোর গড়ে ১১তম স্থান পেয়েছেন। র্যাংকিংয়ে ৬ষ্ঠ স্থান পাওয়া ইরানের বিপক্ষে লড়তে হবে তাদের।



