আর্চারিতে সোনা জিতলেই তিন লাখ টাকা

সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের হতাশা এশিয়া কাপ আর্চারিতে পেছনে ফেলতে চায় বাংলাদেশ। ইরাকের সোলেমানিয়ায় ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, স্টেজ-২ প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশ নিতে কাল সকালে দেশ ছাড়বে ১২ সদস্যের দল। এই টুর্নামেন্টে সোনা জিতলেই বাংলাদেশ আর্চারি ফেডারেশন বাংলাদেশি খেলোয়াড়দের পুরস্কার দেবে তিন লাখ টাকা।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আজ বলেছেন ‘এশিয়া কাপের প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশা আল্লাহ, এবার দল থেকে ভালো একটা ফলাফল আসবে।’
এশিয়ান গেমসের ফল ভুলে এশিয়া কাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন আর্চার আব্দুর রহমান আলিফ, ‘এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। শর্ট টাইমের প্রস্তুতি হলেও ট্রায়ালে তারা বেশ ভালো স্কোর করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব।’
বাংলাদেশ আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সব করা হয়েছে। তাদের মূল লক্ষ্য পদক জেতা।



