দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

ইশরাক হোসেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢোকার মুহূর্তে
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার মতো পরিস্থিতি সৃষ্টির জন্য মাদকবিরোধী অভিযানে নামার ফলে সংঘটিত ঘটনাকে কারণ দেখিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার দাবি, দল তার পদত্যাগ চায়নি।
ইশরাক আজ সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়ে আজকে আমাকে মন্ত্রিসভা …’
‘দলের ইচ্ছার বিরুদ্ধে, মানে দল চায় নাই, আমাকে এটা করতে হচ্ছে। এটা আমি বক্তব্যে বলব।’
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, ‘এখন তো আমি অগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করব।’
তবে এক্ষেত্রে আগের মতো পরিস্থিতি যেন না হয়, সেজন্য সতর্ক থাকবেন বলে জানান তিনি।
এসব কথা বলার পরই গাড়ি থেকে নেমে প্রেস ক্লাবে ঢুকে যান ইশরাক, সেখানে সংবাদ সম্মেলনের কর্মসূচি আগে থেকে ঠিক ছিল।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অভিযানে গিয়ে বিতর্কে পড়েন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।




