কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, বললেন হুইপ দুলু

হুইপ দুলুর বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কৃষি মৌসুমের আগেই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুলুর বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বললেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লুটপাট করে দেশ ধ্বংস করে যাওয়ায় মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি আওয়ামী সরকারের লুটপাটের কারণেও দেশে নানা সমস্যা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হুইপ আশ্বস্ত করেন, এসব সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে। ফলে সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হবে না। বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের মধ্যে যে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, কৃষি মৌসুমের আগেই তা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে সার নিয়ে কোনো সংকট নেই বলেও দাবি করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আগের সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা দেশে সংকট তৈরি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ও পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার এবং বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যরা।







