সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খাইল ইশরাক ভাই— প্রশ্ন পাটওয়ারীর

ফাইল ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদক নির্মূলের কাজ না হওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অভিযানে নামতে হয়েছিল বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর দোষের শাস্তি পাচ্ছেন ইশরাক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।
তিনি আরও বলেন, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খাইল ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
‘রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা, আর সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছেন’, যোগ করেন তিনি।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার রাতে এ নির্দেশনাকে গুজব বললেও সোমবার সকালে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।



