কালো টাকা ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা এবং দেশের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ অর্থ দিয়ে দেশে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় উল্লেখ করে এ বিষয়ে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির কাছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ছিল। পাচার করা অর্থের বড় অংশ বিদেশে চলে গেলেও কিছু অর্থ দেশে রয়ে গেছে। সেই কালো টাকা ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং ষড়যন্তকারীদের পরিকল্পনা নস্যাৎ করা হচ্ছে।
সাবেক সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক ও বীমাসহ দেশের প্রতিটি খাত ধ্বংস করা হয়েছে এবং বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। ঋণের নামে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা মূলত রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন বলে দাবি করেন তিনি। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে বলে তুলে ধরেন রিজভী।
জুলাই গণঅভ্যুত্থান ও দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণ ও ছাত্রনেতাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তরুণদের অসীম সাহসিকতার কারণেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে এবং রাষ্ট্র ও জাতি তাদের এই অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব যেন নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপিত হতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তিকে সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।
বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা।



