বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর

ছবি: আগামীর সময়
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন আগামী ১৮ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে ভোট দেবেন ৩৫ হাজার ২৬৯ জন সদস্য।
নিউ ইয়র্কে প্রায় তিন লাখ বাংলাদেশি বসবাস করলেও সোসাইটির সদস্য সংখ্যা ৩৫ হাজার ২৬৯। ২০ ডলার সদস্য ফি দিয়ে নিবন্ধিত এসব সদস্যই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।
স্থানীয় সময় মঙ্গলবার কুইন্সে সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। সাত সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ।
নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। অন্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদ।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সৈয়দ রাব্বি।
নিউ ইয়র্ক সিটির ব্রংকস, কুইন্সের উডসাইড ও জ্যামাইকা এবং ব্রুকলিনের ফুলটন ও ওজন পার্ক কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণাও এরই মধ্যে জোরদার হয়েছে।




