ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কাজের সুযোগ সৃষ্টির বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। এ ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তাঁরা। বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়টিও আলোচনায় ছিল।
এ ছাড়া তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণ এবং হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত হন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা।



