আজ জাতিসংঘ দিবস

গ্রাফিকস: আগামীর সময়
আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতিসংঘ। একই দিনে পালিত হয় বিশ্ব উন্নয়ন তথ্য দিবস।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রায় চার বছরের প্রচেষ্টা ও ধারাবাহিক আলোচনার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। প্রাথমিকভাবে ৪৬টি দেশ সনদটি অনুসমর্থন করেছিল।
১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। এ দিনে জাতিসংঘের বৈশ্বিক অর্জন, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
১৯৭১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য দেশগুলোকে দিবসটি সরকারি ছুটির দিন হিসেবে পালনের সুপারিশ করে। এ ছাড়া জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সাল থেকে প্রতিবছর ২৪ অক্টোবর বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালিত হয়ে আসছে।




