মৎস্য খাতের বাজেটের সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন মৎস্যমন্ত্রী

সংগৃহীত ছবি
মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বাজেটের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘মৎস্য খাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারি বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণের পুষ্টিচাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শুধু উৎপাদন বৃদ্ধি নয়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ ও সম্প্রসারণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্ব দিতে হবে। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মৎস্য খাতে প্রান্তিক পর্যায়ে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছেন। তাঁদের কার্যক্রম তদারকিতে মৎস্য কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। সমবায়ভিত্তিক মাছ চাষ ও খাল খননের মাধ্যমে মাছের উৎপাদন এবং রপ্তানি আয় বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সরকারি বাজেটের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছ ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানো এবং খাতটির উন্নয়ন ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে।
আলোচক হিসেবে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ মৎস্য খাতে বাজেট বরাদ্দের গুরুত্ব এবং এর যথাযথ ব্যবহারের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বল্প ব্যয়ে উৎপাদন ও আয় বাড়াতে হবে। একই সঙ্গে মৎস্য অভয়াশ্রম ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।



