ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর তাগিদ রাষ্ট্রপতির

সংগৃহীত ছবি
ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ওই উদ্যোগের ফলে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল। গড়ে উঠেছিল নতুন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। তাঁর ভাষ্য, এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ বারবার সংগ্রাম করেছে এবং প্রাণ দিয়েছে। তবে গণতন্ত্র অর্জনের পর সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থতা রয়েছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সুযোগের অপব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সময়ে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, ব্যক্তিগত লোভ ও স্বার্থের কারণে ব্যাংকিং খাতও ধ্বংসের মুখে পড়েছিল।
সাক্ষাৎকালে ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। সরকারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ ছাড়া ঢাকা চেম্বার আয়োজিত আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ডিসিসিআই প্রতিনিধিরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং ডিসিসিআই প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।



